শহরের বুকে প্রাণরক্ষার উদ্যোগ, কুণ্ডু কলোনির শতবর্ষের পুকুর সংস্কারে বালুরঘাট পৌরসভা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যজুড়ে শহর যত বাড়ছে, ততই কমছে জলাশয়। শহরায়ণের চাপে পুকুর-পুস্করিণী বুজে যাওয়ার খবর প্রায় নিত্যদিনের। সেই রকম ঋণাত্মক খবরে ভরা সময়েই ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ল বালুরঘাট পৌরসভা।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কুণ্ডু কলোনি এলাকায় রয়েছে একটি প্রায় শতবর্ষ প্রাচীন পুকুর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জলাশয়টি কার্যত বেহাল হয়ে পড়ছিল। শহরের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবশেষে সেই পুকুর সংস্কারের উদ্যোগ নিল পৌরসভা।বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুনমুন করের উদ্যোগে প্রায় তিন লক্ষ নব্বই হাজার টাকারও বেশি ব্যয়ে পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু সংস্কার নয়, পুকুরের চারপাশে সৌন্দর্যায়নের কাজও করা হবে বলে জানিয়েছে পৌরসভা।রবিবার দুপুরে কাজের সূচনা করে ভাইস চেয়ারম্যান মুনমুন কর বলেন, “এই প্রাচীন পুকুরটি সংস্কার ও তার আশপাশের সৌন্দর্যায়নের দাবি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা জানিয়ে আসছিলেন। আমরাও চেষ্টা চালিয়ে গিয়েছি। অবশেষে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে কাজটি শুরু করা গেল।”এলাকাবাসীরাও খুশি। কুণ্ডু কলোনির বাসিন্দা মলয় কুমার মৈত্র বলেন, “এই পুকুর এলাকার বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে, এতে আমরা খুবই আনন্দিত।”শহরের ভিড়ে হারিয়ে যেতে বসা জলাশয়কে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ বালুরঘাট পৌর এলাকার পরিবেশ রক্ষায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন।

