স্বল্প নোটিসে শুনানির অভিযোগ, ভোটার হয়রানি বন্ধে ছয় দফা দাবি বামফ্রন্টের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলায় চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে—এই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। শুনানিতে ডাক ও পুরো প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি বন্ধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে ছয় দফা দাবি জানানো হয়। ডেপুটেশনে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, শুনানিতে উপস্থিত হওয়ার জন্য ভোটারদের ন্যূনতম সাত থেকে দশ দিনের সময় দেওয়া জরুরি। বর্তমানে স্বল্প নোটিসে শুনানিতে ডাকা হওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। পাশাপাশি, একাধিক বুথে অস্বাভাবিক সংখ্যায় ভোটারকে একসঙ্গে শুনানিতে ডাকা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বলেও দাবি করা হয়। এছাড়াও অভিযোগ তোলা হয়, কিছু ক্ষেত্রে সম্প্রদায়ের ভিত্তিতে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে বলে ধারণা তৈরি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বামফ্রন্টের দাবি, শুনানিতে ভোটাররা যে সমস্ত নথি ও প্রমাণপত্র জমা দিচ্ছেন, তা অবশ্যই রিসিভ করে তার প্রমাণ দিতে হবে। ডেপুটেশনে আরও উল্লেখ করা হয়, শুনানিতে ডাকা ভোটারদের দীর্ঘ সময় ধরে কেন্দ্রে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ভোটাররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ভোটারদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবীণ ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থার দাবি জানানো হয়। ছয় দফা দাবির শেষ অংশে বলা হয়, পরিযায়ী শ্রমিকরা অনেকেই বাইরে থাকায় নিজেরা শুনানিতে উপস্থিত হতে পারছেন না। সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মাধ্যমে বক্তব্য রাখা ও নথি জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। বামফ্রন্ট নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্বচ্ছ ও মানবিক হওয়া জরুরি। জেলা প্রশাসনের কাছে এই দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *