জেলা বইমেলায় খুদেদের অঙ্কন প্রতিযোগিতা, রঙে ভরল গঙ্গারামপুর ফুটবল মাঠ।

দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় খুদেদের অঙ্কন প্রতিযোগিতা, রঙে-রেখায় ফুটে উঠল কল্পনার জগৎ
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
পড়ুয়াদের বইমুখী করে তোলার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার বেলা ১টা নাগাদ শুরু হওয়া এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট প্রায় ১৪৮ জন খুদে প্রতিযোগী অংশগ্রহণ করে।
জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা রঙ ও তুলির ছোঁয়ায় নিজেদের কল্পনার জগৎ কাগজে ফুটিয়ে তোলে। কারও আঁকায় উঠে আসে প্রকৃতির সৌন্দর্য, কারও ছবিতে সমাজ ও জীবনের নানা দিক। প্রতিযোগিতা ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বইমেলার পরিবেশে এমন সৃজনশীল আয়োজন দেখে খুশি অভিভাবকরাও। তাঁরা জানান, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক ও শিল্পচর্চামূলক কর্মসূচি শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকদের বক্তব্য, বইমেলার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতার মতো উদ্যোগ শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনাকে আরও প্রসারিত করে। খুদে পড়ুয়াদের প্রাণবন্ত অংশগ্রহণে এদিন বইমেলা প্রাঙ্গণ হয়ে ওঠে আরও রঙিন, আনন্দমুখর ও উৎসবের আবহে ভরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *