আনন্দ আর বিদায়ের আবেগে ভিজল রায়গঞ্জের আটিয়া কুন্ডি প্রাথমিক বিদ্যালয়।

রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- আটিয়া কুন্ডি প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত রায়গঞ্জ থানার বড়ুয়া অঞ্চলের তাহেরপুরে এদিন যেন আনন্দ আর বিদায়ের আবেগ একসঙ্গে মিলেমিশে গিয়েছিল। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় চড়ুইভাত—একদিকে উৎসবের হাসি, অন্যদিকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনার বেদনাঘন মুহূর্ত।

ছোট ছোট কচিকাঁচা পড়ুয়াদের চোখে মুখে ছিলো খুশির ঝিলিক, আবার চোখের কোণে লুকিয়ে ছিল বিচ্ছেদের অশ্রু। কারণ এই বিদ্যালয়েই তাদের শৈশবের হাতেখড়ি, প্রথম অক্ষর চেনা, প্রথম বন্ধু পাওয়া। কিন্তু কালের নিয়মে চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়াশোনার জন্য অন্য বিদ্যালয়ে পাড়ি দিতে হবে তাদের।

এই বিদায় শুধু ছাত্রছাত্রীদের নয়—বিদ্যালয়ের মিড-ডে মিলের রাঁধুনি থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী ও শিক্ষক-শিক্ষিকাদের মনও আজ ভারাক্রান্ত। দীর্ঘদিনের আপন করে নেওয়া শিশুদের ছেড়ে দিতে হচ্ছে—এই বেদনা সবার চোখেমুখেই স্পষ্ট। তবুও গর্বের বিষয়, পড়াশোনায় উত্তীর্ণ হয়ে তারা পঞ্চম শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের মার্কশিট, পড়াশোনার সামগ্রী ও সরকারি সার্টিফিকেট।

চড়ুইভাত উপলক্ষে সাজানো হয় চেয়ার-টেবিল ও ছাতা দিয়ে প্রাঙ্গণ। ছাত্রছাত্রীদের পাতে ছিল ভাত, ডাল, সবজি, পোলট্রি মাংস, মিষ্টি, দই ও চাটনি। পাশাপাশি শিশুদের আনন্দ দিতে ছিল মিকি মাউস, বেবি লাফিংসহ নানা বিনোদনের আয়োজন।

এই প্রসঙ্গে ভরাক্রান্ত কণ্ঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল দাস জানান “আজকের দিনটা আমাদের কাছে আনন্দের যেমন, তেমনই গভীর দুঃখের। এই ছোট্ট শিশুরা আমাদের পরিবারেরই অংশ। ওরা অন্য স্কুলে গেলেও আমাদের আশীর্বাদ আর ভালোবাসা সবসময় ওদের সঙ্গে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *