শীতের অমৃত খেজুরের রস, কুশমন্ডি চৌপথিতে ভোরের ভিড় রসপ্রেমীদের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-খেজুরের রস শুধু একটি পানীয় নয়, বাঙালির কাছে তা যেন শীতের আবেগ। যাঁরা বাংলার শীতের স্বাদ পেয়েছেন, তাঁরা জানেন খেজুরের রস কেন ‘শীতের অমৃত’। শীতের ভোরে ঠান্ডা, মিষ্টি খেজুরের রস পান করার সেই অনন্য অনুভূতিই যেন টেনে আনে মানুষকে।
রাতভর খেজুর গাছ থেকে নির্যাস সংগ্রহ করে ভোরে সেই টাটকা রস বিক্রি করতে দেখা গেল কুশমন্ডির চৌপথিতে। চারিদিকে কুয়াশা মোড়া প্রকৃতির মধ্যে খেজুর রস বিক্রেতাকে ঘিরে ধরেন রসপ্রেমীরা। দৃশ্যটা যেন মনে করিয়ে দেয় বাংলার গ্রাম্য শীতের চিরচেনা ছবি।
এই খেজুরের রস থেকেই তৈরি হয় নলেন গুড় -যার সুবাসে মুখরিত হয় পিঠে-পুলি, পায়েস ও সন্দেশের উৎসব। শীতকালে বাংলার নানা ঐতিহ্যবাহী খাবারের মূল উপাদান এই রস। বর্তমানে খেজুরের রস কার্যত অমিল হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে কাকতালীয় ভোরে এই রস পেয়ে তৃপ্তি মেটালেন বহু মানুষ।
খেজুর রস বিক্রেতা শ্যামল মার্ডি জানান,”এই রস সংগ্রহ করতে হয় অনেক পরিশ্রম করে এবং জীবনের ঝুঁকি নিয়েই। রাতের অন্ধকারে গাছে উঠে রস সংগ্রহ করতে হয়। এই রস থেকেই আমরা নানা ধরনের গুড় তৈরি করি।”
অন্যদিকে কুশমন্ডি ব্যবসায়ী সমিতির সভাপতি রাজকুমার জালান বলেন,” এই খেজুরের রস খেয়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। শহরাঞ্চলে এখন এই রস প্রায় পাওয়াই যায় না। মার্ডিবাবু এই রস বিক্রি করে আমাদের কাছে এক ধরনের পরিষেবাই দিয়ে যাচ্ছেন।”
শীতের সকালে খেজুরের রস যেন প্রকৃতির পক্ষ থেকে মানুষের জন্য এক অনন্য উপহার- যা শুধু স্বাদ নয়, স্মৃতি আর আবেগকেও জাগিয়ে তোলে।

