হিলি ব্লকের ১৫ গ্রামে শাড়ি-ধুতি-খাদ্যসামগ্রী পেলেন অসহায় বাসিন্দারা।

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: – পূজোর আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব। বুধবার, জেলার হিলি ব্লকের ডুমরন এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হল পূজোর উপহার।
এই উপলক্ষে হিলি ব্লকের পান্জুল, ডুমরন, গোসাইপুর, ফতেপুর, আগ্রা, রামকৃষ্ণপুর, ত্রিমোহিনী, শ্রীরামপুর, চাপাহাট, বানোরা, বৈগ্রাম ও কিসমতদাপট সহ মোট ১৫টি গ্রামের প্রায় ৬০ জন অসহায় বাসিন্দার হাতে শাড়ি, ধুতি ও খাদ্যসামগ্রী তুলে দেন ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিশিষ্ট সমাজসেবী অমূল রতন বিশ্বাস, ক্লাবের সভাপতি শংকর দাস ও সম্পাদক অনুপ স্যান্যাল। কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিলি ব্লকের সাংবাদিক বিদ্যুৎ কুমার মাহাতো এবং রবিন মুরমু।
এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব-এর সভাপতি শংকর দাস বলেন, “সাংবাদিকতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ক্লাব এই ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে। সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
ক্লাবের সম্পাদক অনুপ স্যান্যাল জানান, “এই কর্মসূচি আমরা বেশ কয়েক বছর ধরে করে চলেছি। প্রতি বছর জেলার একটি গ্রামের অসহায় মানুষদের জন্য পূজোর উপহার নিয়ে পৌঁছে যাই। এটি আমাদের ক্লাবের একটি ধারাবাহিক সামাজিক দায়িত্ব।”
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামগুলিতে বহু মানুষ আজও দারিদ্র্যসীমার নিচে বাস করেন। সেইসব মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুজোর এই আনন্দঘন সময়ে তাদের মুখে হাসি ফোটাতে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব-এর এই মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *