অবৈধ গাছ পাচার আটকাতে গিয়ে মাফিয়াদের হামলায় জখম বরুই গ্রামের বাসিন্দা।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — অবৈধভাবে গাছ কেটে পাচার করার সময় গাড়ি ধরতে গিয়ে মাফিয়াদের মারে জখম ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার
সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রামে। জখম ব্যক্তির নাম স্বরূপ কুমার মিত্র। তার বাড়ি বরুই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শরিকি অংশ নিয়ে চাঁচল কোর্টে মামলা চলছে। শনিবার গোহিলা এলাকার তৃণমূল নেতা বিক্রম দাসের মদতে
কয়েকজন মাফিয়া স্বরূপ কুমারের ছ’টি বড় বড় গাছ কেটে গাড়িতে করে পাচার করছিলেন। গ্রামেই বরুই পুলিস ক্যাম্পের কাছে গাড়িটি আটকে রাখেন তিনি। এরপর সুযোগ বুঝে মাফিয়ারা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে বাইক নিয়ে ধাওয়া করেন তিনি। চাঁচলের মাধবপুর ব্রিজের কাছে মাফিয়ারা তাকে লাথি মেরে রাস্তার উপর ফেলে দেন বলে অভিযোগ। জখম হন তিনি। বাইকটি ভেঙে যায়। খবর পেয়ে ছুটে আসে চাঁচল খরবা ফাঁড়ির পুলিস। গাড়িটি আটক করে ফাঁড়িতে নিয়ে যান। জখম অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জখম স্বরুপ কুমার বলেন,আমি ব্যাঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলাম। সেই সুযোগে এলাকার কিছু মাফিয়া আমার ছয়টি বড় গাছ কেটে বিক্রি করার উদ্দেশ্যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। গাড়িটি আটকে রেখেছিলাম। সুযোগ বুঝে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল তিনজন মাফিয়া। বাইক নিয়ে গাড়ির পিছনে ধাওয়া করলে চাঁচলের মাধবপুরে লাথি মেরে রাস্তায় ফেলে দেই। বাইকটি ভেঙে গিয়েছে। যখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছি। অভিযুক্ত বিক্রম দাস বলেন,স্বরুপের নামে জমির কাগজপত্র কিছুই নেই। তিনি অন্য শরিকদের জমি দখল করে রেখেছেন। গাছগুলো কিনে নিয়েছি। চাঁচল ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার বলেন, আমাদের কাছ থেকে গাছ কাটার কোনও অনুমতি নেওয়া হয়নি। বেআইনি ভাবে গাছ কেটেছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খরবা ফাঁড়ির পুলিস জানান, গাড়িটি আটক করে রাখা হয়েছে। গাড়িতে কিছু গাছের গুঁড়ি আছে।চালক ও বাকিরা পলাতক।

