বাসের ভিতরে কনডাক্টরের সঙ্গে অভব্য আচরণ মহিলার, গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমে বাস চলাচল বন্ধ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাড়া নিয়ে বচসায় চলন্ত বাসে জুতো খুলে কনডাক্টরকে মারধর মহিলার! বাস চলাচল বন্ধ বাস কর্মীদের। ঘটনায় মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের হিলি-বালুরঘাট রুটে বাস চলাচল বন্ধ করে পুলিশের দ্বারস্থ হলেন কর্মীরা। ওই মহিলার বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলার গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন বাসকর্মীরা।
সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল বাসটি। ওই বাসে এক মহিলাযাত্রী ত্রিমোহিনীর উদ্দেশে সফর করছিলেন। পথে তিওড় এলাকায় ভাড়া নিয়ে কনডাক্টরের সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলার। অভিযোগ, এরপরই কনডাক্টরের বিরুদ্ধে ওই মহিলার কন্যার কাছে থেকে স্টুডেন্ট ভাড়া ৮ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যে জুতো খুলে মারধর শুরু করেন তিনি। মুরারিপুর এলাকায় যাত্রী নামানোর সময় অভিযুক্ত মহিলা বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয়। বাসকর্মীরা অনুরোধ করলেও পথ ছাড়েননি বলে অভিযোগ। মুহূর্তেই ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মঙ্গলবার সকাল থেকে ওই ঘটনার প্রতিবাদে হিলি-বালুরঘাট রুটের সমস্ত বাস, ট্রেকার বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেছেন বাসকর্মীরা। দুপুরে হিলি থানার দ্বারস্থ হয়ে সুবিচার দাবি করেন তাঁরা। মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ে করেছেন আক্রান্ত ওই বাস কনডাক্টর। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার সুবিচার না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনরত বাসকর্মীরা। দ্রুত অভিযুক্ত মহিলার গ্রেপ্তারের দাবি তুলেছেন তাঁরা। যদিও এ প্রসঙ্গে ওই মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এপ্রসঙ্গে বাস মালিক সংগঠনের সভাপতি মহাবীর সরাওগি বলেন, ‘গতকালই ঘটনাটি জানার পর ওই কনডাক্টরকে থানায় লিখিত অভিযোগ দায়ে করতে বলা হয়েছিল। তারপর আমাদের সঙ্গে কোনও যোগাযোগ না করেই আজ সকাল থেকে বাস বন্ধ করে দিয়েছে। তারপরে থানায় অভিযোগ করেছে বলে জেনেছি। কিন্তু আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেনি। তারপরও কর্মীরা আমাদের কাছে আসলে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মালিকেরা দ্বারস্থ হতাম।’ হিলি থানার আইসি শীর্ষেন্দু দাসের বক্তব্য, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

