ভোঁওরের ১৫০ মিটার রাস্তা বেহাল! বর্ষায় জল-কাদায় নাজেহাল সাধারণ মানুষ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ভোঁওর পঞ্চায়েতের পশ্চিম ভোঁওর গ্রাম সংসদের অধীন একটি মাত্র ১৫০ মিটার কাঁচা রাস্তা বর্তমানে এলাকাবাসীর কাছে দুর্ভোগের নামান্তর হয়ে উঠেছে। রাস্তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কুমারগঞ্জ থানা থেকে দশ মাইল পর্যন্ত বিস্তৃত পাকা রাস্তা এবং কুমারগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সীতাহারগামী পাকা রাস্তার মাঝে সংযোগকারী একমাত্র রাস্তাও বটে। দীর্ঘদিনের অবহেলায় এই সংযোগ পথ আজ একেবারে বেহাল দশায় পৌঁছেছে। প্রায় দুই দশক আগে এই রাস্তায় ইট সোলিং করা হলেও বর্তমানে সেই ইটের বেশিরভাগ স্হানে ইটের চিহ্নই অবশিষ্ট নেই। প্রতিদিন হাজারেরও বেশি মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন, যার মধ্যে ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ যাত্রীরা রয়েছেন। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাটি ভয়াবহ রূপ ধারণ করে। জল-কাদা ভেঙে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এতে যেমন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে, তেমনই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এই রাস্তাটির পাশে অবস্থিত ভোঁওর প্রাথমিক বিদ্যালয়, যা একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবেও বিবেচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপী বসাক জানিয়েছেন, ‘এই রাস্তা কেবল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নয়, পুরো এলাকার তথা বাইরের বহু মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম।
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সাহিনুর বিবি জানান, ‘রাস্তাটি সংস্কারের জন্য আমরা পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের সদস্যদের জানিয়েছি। সমস্যা সমাধানে তারা উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছেন।’ কুমারগঞ্জ ব্লকের বিডিও শ্রীবাস বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সমস্যা সমাধানের জন্য আমরা ইতিমধ্যে পঞ্চায়েত সমিতিতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’

