বাংলা-বিহার সীমানায় চাঞ্চল্যকর খুন, বালি-পাথর ব্যবসা সংক্রান্ত গণ্ডগোলে মৃত্যুর আশঙ্কা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — ফের খুনের ঘটনা ঘটল মালদায়! এবারে মালদার রতুয়া থানার বাংলা-বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের নাকাটি ব্রীজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, নিহত যুবকের নাম আকবর আলি। বয়স ৩৫ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। এরপর রাত আটটা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করেন। কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে। তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান। কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত আটটা নাগাদ তাদের বাড়ি থেকে বেড়িয়ে গেছেন। তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন। অবশেষে রাত সাড়ে নটা নাগাদ মহানন্দাটোলা নাকাটি ব্রীজ থেকে প্রায় একশো মিটার দূরে বাংলা-বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা।সেই সঙ্গে লক্ষ্য করেন তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরেই। এই পরে খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক মন্ডল নেমের এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর। খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তার কাজে বালি, পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি, পাথর সাপ্লাইকারী। তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল, নাকি অন্যকোন কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু চালাচ্ছে রতুয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *