প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসকদলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই এর প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসকদলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল। মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধ্বস নেমে ছিল। আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়ে ছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই। আর সব কিছুর পিছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধ গোষ্ঠী। ২১ শে জুলাই প্রস্তুতি সভায় সব শেষে বক্তব্য রাখতে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমুল। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এল। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে। অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি, হাতাহাতি। এই নিয়ে শোরগোল মালদায়। বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কোন্দল। হরিশ্চন্দ্রপুর-২ ব্লক অফিসের সদভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল। প্রথমে সভার ভিতরে ও পরে বাইরেও দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা ও তা ধ্বধ্বস্তিতে গড়ায়। বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে। জেলাজুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন। ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক(এ) সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন-সহ শাখা সংগঠনের নেতারাও। সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী।

