‘ছাপ্পা নয়, ভয়মুক্ত ভোট’—বার্তা প্রশাসনের।

মালদা, নিজস্বসংবাদদাতা:- বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদহে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে মালদহে। এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম, এমনকি কোনওরকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে। ভোটারদের বুথে আসতে কোথাও বাঁধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত পোলিং বুথ এবং আশপাশ এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি।

সোমবার মালদহে জেলাশাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকরা নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপার জানান, অতি উত্তেজনাপ্রবন বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। ভোটে কোনওরকম গোলমাল পাকানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রতি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া যেসব জায়গায় একই এলাকায় দুই বা তার বেশি বুথ রয়েছে সেখানে এক সেকশন থেকে দুই সেকশন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এবার ভোটে সিভিক ভলান্টিয়ারদের কোনওরকম কাজে লাগানো যাবে না। ভোটের তিনদিন আগে থেকেই সিভিক ভলান্টিয়ার বা গ্রীন পুলিশ কোনওরকম আইনশৃংখলার কাজ করবেন না। এমনকি ইউনিফর্ম পড়েও তাঁরা বাইরে বের হতে পারবেন না। ইতিমধ্যেই কমিশনের তরফে এমনই নির্দেশিকা এসেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজনবীর সিং কাপুড়। এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার মালদহে ভোট গণনার কাজ হবে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *