খুষ্টিগিরীতে বজলে রহমান কেরমানীর ঊরস মোবারক, ভক্তদের ঢল।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা :- হজরত সৈয়দ শাহ মোঃ বজলে রহমান কেরমানী (রহঃ) এঁর পঞ্চম বাৎসরিক ঊরস মোবারক প্রতি বছরের মত এবছরও সাড়ম্বরে খুষ্টিগিরী দরগাহ শরীফের খানকাহে কেরমানীয়ায় অজস্র মানুষের সমাগমে পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। উল্লেখ্য, তিনি ছিলেন খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর ১৪ তম বংশধর তথা তাঁর স্থলাভিষিক্ত মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন। একাধারে তিনি যেমন ছিলেন একজন প্রথিতযশা পীর তেমনই একজন প্রখ্যাত সাহিত্যিক, সমাজসেবক ও দার্শনিক হিসেবেও সুপরিচিত। স্থানীয় মানুষ সহ পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা প্রভৃতি জেলার পাশাপাশি ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা ও জামতাড়া জেলা থেকে তাঁর অসংখ্য মুরিদ-ভক্তেরা এই অনুষ্ঠানে যোগদান করেন। তারা সকাল ৮ টায় সমবেত কলমা পাঠ করেন। তারপর হজরতের মাজার শরীফে চাদর চড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাদ আসর শুরু হওয়া কনফারেন্সে মুরিদ-ভক্তেরা হজরতের সংস্পর্শে থাকাকালীন অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে আলোচনা করেন। বাদ মাগরিব হতে আয়োজিত মাহফিলে ওলামায়ে কেরামগণ তাঁর জীবনাদর্শ নানান ভাবে আলোকপাত করেন। এছাড়াও উর্দু ও বাংলা নাত-গজলে সভাটি মুখরিত হয়ে ওঠে। পরিশেষে এই সমগ্র আয়োজনের আহ্বায়ক তথা খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব তাঁর সুচিন্তিত বক্তব্য রাখেন এবং বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কামনায় দোওয়া প্রার্থনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। দরগাহ শরীফের পক্ষ থেকে স্থানীয় ও দুরবর্তী সকল মুরিদ-ভক্তদের শিরনী বিতরণ ও রাত্রের আহার পরিবেশন করা হয়। এরপর সারা রাত্রিব্যাপী আয়োজিত হয় কাওয়ালি। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয় বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *