মালদহে নিরাপত্তা জোরদার, পৌঁছাল বুলেটপ্রুফ বিশেষ গাড়ি।
মালদা,নিজস্ব সংবাদদাতা —- ভোটের আবহে বাড়তি নিরাপত্তা জোরদার করতে মালদহে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। বুধবার সকালে মালদহ শহরের ডিএসএ ময়দানে আসে ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’ (MBPV) নামের এই গাড়ি, যা আনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে। অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে এই গাড়িতে করেই এলাকায় অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সাম্প্রতিক সময়ে এসআইআরকে কেন্দ্র করে মালদহ জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ ঘিরে পরিস্থিতি চরমে পৌঁছায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় হামলা ও রাস্তা অবরোধের ঘটনাও সামনে আসে।
এই ঘটনার পর প্রশাসন ও নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। এরই প্রেক্ষিতে মালদহে মোতায়েন করা হয়েছে এই বিশেষ গাড়ি। প্রশাসনের মতে, এর ফলে জেলায় নিরাপত্তা আরও মজবুত হবে।

