রতুয়ায় নাকা চেকিংয়ে ১৫ লক্ষ উদ্ধার, চাঞ্চল্য মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভোটের আবহে ফের মালদার রতুয়ায় বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার! ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পনেরো লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। ঘটনায় অটো গাড়ির এক যাত্রী টাকার সপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার বরকোল নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে পুখুরিয়ার পোদিয়ামোড় এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন পুখুরিয়া থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই তল্লাশি অভিযানেই দুটি গাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়। কোন বৈধ নথিপত্র দেখাতে না পারাই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে।

