তোর্ষা সেতু থেকে নদীতে ট্রাক, মৃত চালক।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নীচে নদীতে পড়ল ট্রাক। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের হাসিমারার কাছে তোর্ষা সেতুর ওপর। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকের। পাশাপাশি ট্রাকটির খালাসিও গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে মাদারিহাটের দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক অসমের দিকে যাচ্ছিল। তোর্ষা সেতুর মাঝে ট্রাকটি ডানদিকে চাপিয়ে দিলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বাঁ-দিকের রেলিং ভেঙে সরাসরি তোর্ষা নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এই খবর লেখা পর্যন্ত মৃত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে হাসিমারা ফাঁড়ির পুলিশ।

