ড্রোন কাণ্ডে বিহার যোগ, চাঞ্চল্য মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় উঠে এল বিহার যোগের তথ্য। ঘটনায় পুলিশের হাতে ধৃত তিন যুবকই বিহারের বাসীন্দা। উল্লেখ্য, শনিবার মালদার সামসীতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। তিনি দুপুর নাগাদ সভা শেষ করেন। এরপর গাজোলে যাওয়ার উদ্দেশ্যে সামসীর সভাস্থল থেকেই কপ্টারে উঠতে যান। আর ঠিক তখনই মুখ্যমন্ত্রীর কপ্টারের ‘সামনে আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। আর এর ঠিক পরপরই পুলিশ সভাস্থল থেকে ড্রোন সহ প্রথমে তিন যুবককে আটক করে এবং পরে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মন্ডল ও নূর আক্তার। তিনজনেরই বাড়ি বিহারের কাটিহার জেলায়। তারা কেন মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে ড্রোন ওড়াচ্ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে চাঁচল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

