চাঁচলে শক্তিপ্রদর্শন, শোভাযাত্রার পর মনোনয়ন রতন দাসের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- চাঁচল বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রতন দাস। বুধবার চাঁচল মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা করেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার আগে চাঁচল রামলীলা ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রতন দাসের পাশাপাশি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু-সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থকরা।
রামলীলা ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি চাঁচল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা অফিসে পৌঁছয়। এরপর সেখানেই প্রার্থী রতন দাস আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উৎসাহ ছিল চোখে পড়ার মতো, এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

