মিছিলের মধ্যেই মনোনয়ন, দক্ষিণ দিনাজপুরে বামেদের জোরদার বার্তা।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বামফ্রন্টের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জ—এই চার বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা এদিন জেলা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পেশ করেন।দুপুর প্রায় একটা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীরা জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন। বামফ্রন্ট কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্লোগান, পতাকা আর ব্যানারে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে দুপুর দেড়টা থেকে পৌনে দু’টার মধ্যে প্রার্থীরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়ন জমা দেন।জানা গিয়েছে, বালুরঘাট কেন্দ্রে আরএসপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্ণব চৌধুরী। তপন বিধানসভায় প্রার্থী করা হয়েছে আরএসপির বাপ্পাই হোরোকে। কুমারগঞ্জ কেন্দ্রে সিপিএমের প্রার্থী মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব সরকার।এদিনের কর্মসূচিকে ঘিরে বামফ্রন্ট শিবিরে ছিল স্পষ্ট উৎসাহ ও উদ্দীপনা, যা আসন্ন নির্বাচনে সংগঠনের মনোবল বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

