ধর্মীয় আচার ও সাংস্কৃতিক আবহে মুখর সিন্ধি নববর্ষ।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার মিডিলটন রো-তে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল সিন্ধি পঞ্চায়েতের নববর্ষ ও ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্য মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ধর্মীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। গোটা পরিবেশে ছড়িয়ে পড়ে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী সংগীতা বাপুলি, যিনি সিন্ধি পঞ্চায়েতের অন্যতম সদস্যা। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সেক্রেটারি মূর্লি পাঞ্জাবি, কিষান খেরাজানি, এল পি বেলানি, অনিল পাঞ্জাবি সহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল-এর ফরিদ খান ও এস্তেশামুল হক প্রমুখ।
সভায় বিশিষ্ট ব্যক্তিদের ইতিবাচক বার্তা সম্বলিত পত্রিকা বিতরণ করা হয়।
সিন্ধি পঞ্চায়েতের এই বর্ষপূর্তি অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং সমাজের ঐক্য, সম্প্রীতি ও ঐতিহ্যের এক সুন্দর বহিঃপ্রকাশ হিসেবে ধরা দেয়।

