ভোটার তালিকা বিতর্কে রতুয়ায় হাট বন্ধ, ক্ষুব্ধ গ্রামবাসী।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সাপ্তাহিক হাট বসতে দিলেন না মালদার রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বাসীন্দারা। ফলে মঙ্গলবার পীরগঞ্জ অঞ্চলের সাপ্তাহিক অচিনতলা হাট বসল অচিনতলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড় এলাকায়। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। যার প্রতিবাদে সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা পীরগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে শুধু অবরোধ করেই বিক্ষোভকারীরা ক্ষান্ত থাকেননি। তারা মঙ্গলবার অচিনতলার সাপ্তাহিক হাট বসতে দেননি। ফলে মঙ্গলবার অচিনতলার যে হাটের স্থান লোকজনের আনাগোনায় গমগম করতে দেখা যেতে সেখানে শুনশান নিস্তব্ধতা নজরে আসে। এদিকে অচিনতলায় হাট বসতে না দেওয়ার হাটের ব্যবসায়ীদের অনেকেই প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে ছোট্ট করে অস্থায়ী হাট বসান। জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন। যদিও সেভাবে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েনি।

