একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মননে অমর একুশ’ ভাষা দিবস উপলক্ষে উৎস সাহিত্য পত্রিকার পঞ্চম সংখ্যার প্রকাশিত হল।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বেলা ২টা নাগাদ গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের বিবেকানন্দ অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জেলা ও জেলার বাইরের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর এই আয়োজনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উৎস সাহিত্য পত্রিকার সম্পাদক ড. গুরুদাস বিশ্বাস, সভাপতি ড. অপূর্ব লাল মজুমদার, সহ-সভাপতি যাদব চন্দ রায়, পঞ্চম সংখ্যার প্রকাশক তথা পত্রিকার সহ-সম্পাদক পঙ্কজ সরকার এবং পত্রিকার অন্যতম কর্মকর্তা অনিল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
পত্রিকার পঞ্চম সংখ্যা প্রকাশের মাধ্যমে ভাষা দিবসের গুরুত্ব ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই পত্রিকার মাধ্যমে নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীলতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হয়েছে।
অনুষ্ঠানের শেষে উৎস সাহিত্য পত্রিকার পক্ষ থেকে অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সাহিত্য ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছিল।

