সুকান্ত জন্মশতবর্ষে গঙ্গারামপুরে কবিতা উৎসবের আয়োজন।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ‘সময়ের লেখচিত্র’ পত্রিকা। রবিবার বেলা ১১টা নাগাদ গঙ্গারামপুর শহরের একটি লজে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এরপর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক আহম্মেদ, সময়ের লেখচিত্রের আহ্বায়ক জয়ন্ত চক্রবর্তী, অন্যতম কর্মকর্তা অমিতাভ ঘোষ, অজিতেশ চক্রবর্তী, রাজর্ষি চৌধুরী, প্রীতম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত যেমন হরিরামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর থেকে আগত প্রবীণ কবি, সাহিত্যিক, নাট্যকার ও যাত্রা শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে উত্তরীয় ও স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
এদিনের অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠের আসর। অংশগ্রহণকারী কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে সাহিত্যচর্চার এক উজ্জ্বল পরিবেশ তৈরি হয়, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ পড়ে।

