বিশ্ব নাট্য দিবসে বালুরঘাটে ওপেন স্ট্রিট লাইব্রেরি, দাবী উঠলো নাটকের দেওয়ালের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বালুরঘাটে সকালে রাস্তায় বসলো এক ঘন্টার ওপেন স্ট্রিট লাইব্রেরি। আয়োজনে কথক নাট্য বিদ্যালয়( শিশু কিশোর), বালুরঘাট। সেখানে ছিল নাটকের বই পড়ার সুযোগ। সেখানে ছিল উৎপল দত্তের নাটক সমগ্র, নভেন্দু সেনের নাট্য সংগ্রহ, স্তানিস্লাভস্কির অভিনেতার প্রস্তুতি, শাঁওলি মিত্রের নাথবতী অনাথবৎ, অনজন দাশগুপ্তের অভিনয় শিল্প, সংলাপ ও কন্ঠস্বর, ড. সরোজ মোহন মিত্রের একাঙ্ক নাটকের রূপরেখা, জোছন দস্তিদারের পান্থজনের নাটক ইত্যাদি বই। চা পান করতে করতে সেসব হাতে নিয়ে দেখলেন নাট্যকর্মী ঝন্টু হালদার, রাকেশ প্রামাণিক। রাস্তার পাশে বই সাজানো দেখে আগ্রহী হয়ে বই গুলো দেখলেন পথচারী বিমল দত্ত, বিনায়ক কৃষ্ণ মজুমদার। টেবিলে সাজানো বইয়ের পিছনে পোস্টারে লেখা বালুরঘাটের ১১৭ বছর অতিক্রান্ত নাট্য ঐতিহ্যের শরিক বিভিন্ন নাট্যদলের নাম, তাদের উল্লেখযোগ্য প্রযোজনা গুলোর নাম এবং বালুরঘাটে একটি নাটকের দেওয়ালের দাবী।
কথক নাট্য বিদ্যালয় (শিশু কিশোর)- এর পক্ষ থেকে সম্পাদক ও নির্দেশক তুহিনশুভ্র মন্ডল বলেন ‘ ইচ্ছে আছে নাটক ও সংস্কৃতির শহর বলে পরিচিত বালুরঘাটে প্রতি মাসে এরকম উদ্যোগ নেওয়ার। বালুরঘাটে শুধু মাত্র নাটকের জন্য একটি দেওয়াল থাকুক এই দাবিও তোলা হয়েছে।’

