ভোটের আগে বড়সড় নাশকতার ছক? মালদায় বোমাসহ গ্রেপ্তার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার! সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ সামির। বয়স ৩০ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল। বিশেষ সূত্রে রতুয়া থানার পুলিশ এই খবর জানতে পেরে রাতেই ওই এলাকায় অভিযান চালায় এবং বিহারের ওই দুষ্কৃতীকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে পুলিশের ধৃত দুষ্কৃতী ওই সকেট বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও সাপ্লাই দিয়ে মালদায় ভোটের আবহে বড়সড় কোন গন্ডগোল, অশান্তি তৈরির চক্রান্ত করেছিল। তাই এই চক্রান্ত আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতের পুলিশ হেপাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে।

