চায়ের কাপে ভোটের বার্তা, অভিনব প্রচারে নিতাই মণ্ডল।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— রবিবার সকালে পুরাতন মালদার সাহাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একেবারে ভিন্ন মেজাজে ভোট প্রচারে নামলেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মন্ডল। প্রচারের আনুষ্ঠানিকতা ছেড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তিনি বেছে নিলেন চায়ের আড্ডাকে। রবিবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খেতে খেতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন তিনি। এলাকার নানা সমস্যা, মানুষের চাহিদা ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন নিতাই মন্ডল। আড্ডার মধ্যেই তিনি নিজের মতামত তুলে ধরেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের সমর্থন কামনা করেন। প্রার্থীর এমন সহজ-সরল ও আন্তরিক ব্যবহারে খুশি হন স্থানীয় বাসিন্দারাও |ভোটের প্রচারে ভিন্নধর্মী এই উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।

