জন্মদিনে মানবিকতার নজির, বালুরঘাটে দুই ভাইয়ের উদ্যোগ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের ছিন্নমস্তাপল্লীর দুই ভাই কৃষ্ণেন্দু দাস ও সৌমেন্দু দাসের জন্মদিন উদযাপনকে এক অনন্য মানবিক উদ্যোগের রূপ দেওয়া হলো। এই মহৎ উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তাদের বাবা নিরঞ্জন দাস এবং মা রুবি শীল।
জন্মদিনের অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শহরের একটি আবাসিক হোমের শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজ। এর পাশাপাশি দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধা এবং ভবঘুরেদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়। শুধু খাবার পরিবেশনেই থেমে থাকেননি তারা; উপস্থিত সকলের মধ্যে প্রয়োজনীয় উপহার সামগ্রীও বিতরণ করেন। উপহারের তালিকায় ছিল প্রত্যেকের জন্য একটি করে ছাতা, যা তাদের দৈনন্দিন জীবনে বিশেষভাবে কাজে আসবে।
এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে এক ইতিবাচক বার্তা দিয়েছে এই উদ্যোগ।
কৃষ্ণেন্দু ও সৌমেন্দুর জন্মদিনের এই ব্যতিক্রমী উদযাপন প্রমাণ করে, আনন্দ তখনই প্রকৃত হয়, যখন তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তাদের এই মানবিক কাজ নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

