জলমগ্ন জমি, পচছে আলু—ক্ষতির মুখে কৃষকরা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অসময়ের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। জলমগ্ন হয়ে পড়ে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি, নষ্ট হয়ে যাচ্ছে জমির আলু। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর কাজলী হল্ট সংলগ্ন হেদায়েতনগর এলাকায়। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। বৃষ্টির জেরে জমিতে জল জমে আলুতে পচন ধরেছে। চলতি মরশুমে ভালো ফলনের আশায় বহু কৃষক আলু চাষ করেছিলেন। ফলনও যথেষ্ট ভালো হয়েছিল বলে দাবি চাষিদের। কিন্তু ফসল তোলার মুখে প্রাকৃতিক দুর্যোগে সব আশা কার্যত ভেস্তে গেল। এলাকার কৃষক জয় কুমার দাস জানান, ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে তিনি আলু চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় ঋণ শোধের আশা ছিল। কিন্তু বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ কীভাবে করবেন, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তিনি। একই পরিস্থিতির কথা জানিয়েছেন কৃষক মনেশ্বর বর্মনও। তাঁর কথায়, “আলু তোলার সময় এই বৃষ্টি সব শেষ করে দিল। এখন ঋণ শোধ করা নিয়ে চিন্তায় পড়েছি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু হেদায়েতনগর নয়, জটেশ্বর ও আশেপাশের একাধিক এলাকায় একই চিত্র। কৃষকদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। এদিকে ফালাকাটা ব্লক কৃষি দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অসময়ের বৃষ্টিতে এভাবে আলুর ব্যাপক ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ফালাকাটার চাষিরা। এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে তাঁরা।

