দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দীর্ঘ ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’। এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অনিয়মিত ভাবে বেতন দেওয়া হলেও, বর্তমানে ৫ মাস ধরে বেতন পাননি ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ টি রাজবংশী ভাষার স্কুল রয়েছে। তার মধ্যে ৪ টি স্কুলে রাজবংশী ভাষার শিক্ষক নেই। নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা টালবাহানা করা হচ্ছে। এছাড়াও, ১২ টি স্কুলের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে ওই শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবার পরিজনরা। বকেয়া বেতনের দাবিতে এদিন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা সহ দি গ্রেটার কোচবিহার পিপল’স অ্যাসোসিয়েশনের সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে গণ অবস্থান এবং বিক্ষোভ দেখান। বালুরঘাট শহরে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়।

