ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পে কর্মরত অস্থায়ী কর্মীরা।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পে কর্মরত অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের গেটের সামনে জড়ো হয়ে তারা বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভ দেখান।
অভিযোগ, বেতন প্রদানের দাবিতে এর আগেও জেলা শাসক ও জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এদিন বিক্ষোভের পাশাপাশি যে সংস্থার অধীনে তারা কাজ করেন সেই সংস্থার দফতরের ঘরেও তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মেটানো না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা।

