সাহাপুর বাইপাসে বড় জনসভা, মানুষের পাশে থাকার বার্তা নিতাই মণ্ডলের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রথম নির্বাচনী জনসভা হলেও তার আগেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছিলেন পুরাতন মালদার সমাজসেবী নিতাই মণ্ডল। আর মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সাহাপুর বাইপাস সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এই প্রথম বড় জনসভা থেকেই তিনি মানুষের পাশে থাকার বার্তা দিলেন। জনসভাকে ঘিরে ব্যাপক মানুষের উপস্থিতি কার্যত প্রমাণ করে দিল, নির্দল প্রার্থী হিসেবে নিতাই মণ্ডলকে কতটা গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।
সভা শুরুর আগে আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর একে একে মঞ্চে উঠে বক্তব্য রাখেন বক্তারা। তারা সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম না করলেও বিভিন্ন নেতাদের তীব্র কটাক্ষ করেন এবং দাবি করেন, মানুষের প্রকৃত উন্নয়নের জন্যই নির্দল প্রার্থী হিসেবে নিতাই মণ্ডলকে সামনে আনা হয়েছে।বক্তারা উপস্থিত মানুষদের উদ্দেশে আহ্বান জানান, আসন্ন নির্বাচনে নিতাই মণ্ডল যে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। তাদের দাবি, একজন সমাজসেবী হিসেবে নিতাই মণ্ডলই সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি হতে পারেন।

