Samserganj-এ রাতের অভিযানে দেশি পাইপগান উদ্ধার, তদন্তে বড় চক্রের সন্ধান।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামসেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার দুই। বুধবার রাতে রতনপুর স্টেশন মোড় এবং ধূসরিপারা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে তাদের পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নবীরুল শেখ ও উমর হালদার। নবীরুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকায়। অপর ধৃত উমর হালদারের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকার ধুসরিপারা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার একটি বিশেষ দল রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানেই একটি অনসাটার দেশি পাইপ গান এবং দু রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি একইদিনে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানা এলাকার ধুসরিপারা কলোনিতে উমর হালদারের বাড়িতে হানা দেয় পুলিশ। তার কাছ থেকে দুটি দেশি পাইপ গান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *