আন্তর্জাতিক নারী দিবসে বালুরঘাটে ‘অস্মিতা লীগ’—মহিলাদের ক্রীড়া ক্ষমতায়নের বিশেষ উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বালুরঘাটের আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুলের নিজস্ব ক্রীড়াঙ্গনে মহিলাদের জন্য এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা “অস্মিতা লীগ টুর্নামেন্ট” অনুষ্ঠিত হতে চলেছে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের “মাই ভারত” এবং পিএমশ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

আগামী ৮ই মার্চ রবিবার সকাল আটটায় শুরু হতে চলা এই প্রতিযোগিতা সারা ভারতের আড়াইশোটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য এক বিশেষ অধ্যায় রচনা করতে চলেছে। মহিলাদের ক্রীড়ায় অংশগ্রহণ এবং ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।

দক্ষিণ দিনাজপুর জেলার মহিলারা অনূর্ধ্ব তেরো বছর, তেরো থেকে আঠারো বছর এবং আঠারো বছর উর্ধ্বে এই তিনটি বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগে একশো মিটার, দুইশো মিটার এবং চারশো মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের স্মারক মেডেল ও শংসাপত্র প্রদান করা হবে। পাশাপাশি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক মহিলাকে শংসাপত্র দেওয়া হবে।

“মাই ভারত” এর জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন বলেন, “এই প্রতিযোগিতা শুধুমাত্র ক্রীড়া নয়, বরং মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।”

এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের “মাই ভারত” জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস এবং মৌসুমী হালদার।

আন্তর্জাতিক নারী দিবসে এমন একটি আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলার গর্বের বিষয়। মহিলাদের ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণ এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য “অস্মিতা লীগ টুর্নামেন্ট” এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *