মালিকের হাতে ফিরল গৃহপালিত পশু, স্বস্তি নবনগরে।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-চুরি হয়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করল পুলিশ। জটেশ্বর ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে গেল চুরির ছক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর এলাকার বাসিন্দা মমতা রায় প্রতিদিনের মতো বাড়ির পাশেই তার ছাগলটি বেঁধে রাখেন। শনিবার সকালেও একইভাবে ছাগলটি বাঁধা ছিল। সেই সময় একটি মোটরবাইকে করে দুই দুষ্কৃতী আচমকা সেখানে উপস্থিত হয়ে ছাগলটি খুলে নিয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করে। ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পৌঁছায় জটেশ্বর ফাঁড়িতে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ওঠে। সম্ভাব্য রুট ধরে শুরু হয় তল্লাশি। একটি টহলদল সন্দেহভাজন বাইকটিকে চিহ্নিত করে পিছু ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গতি বাড়ানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দুষ্কৃতীরা ছাগলটি ফেলে পালিয়ে যায়। পুলিশ উদ্ধার হওয়া ওই ছাগলটি নিরাপদে ফাঁড়িতে নিয়ে আসে। পরে মালিকানা যাচাইয়ের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মমতা রায়ের হাতে ছাগলটি তুলে দেওয়া হয়। গৃহপালিত পশু ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকাবাসীরাও জটেশ্বর ফাঁড়ির পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

