কালিয়াচক-মোথাবাড়ি থানার যৌথ অভিযানে বড় সাফল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। কয়েক কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক কারবারিকে। ঘটনা প্রসঙ্গে শনিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, শুক্রবার রাতে তারা বিশেষ সূত্রে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কারবার চলছে বলে খবর পান। সেই খবরের উপর ভিত্তি করে কালিয়াচক এবং মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে রাত ৯টা নাগাদ মোথাবাড়ির আমলিতলা ফিল্ড এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। তবে এক মাদককারবারি পুলিশের জালে ধরা পড়ে। তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি কন্টেনার। সেই কন্টেনারে সাড়ে চার কেজির মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়।পুলিশ তদন্তে জানতে পেরেছে ধৃত মাদক কারবারির নাম কাইয়ুম সেখ। বয়স ৩৪ বছর। বাড়ি কালিয়াচক থানার কিসমতপুর এলাকায়। পুলিশ সুপার আরও জানান গত কয়েক মাস ধরে জেলা পুলিশ লাগাতারভাবে মাদক তৈরির আঁতুড় ঘর হিসেবে পরিচিত কালিয়াচকের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। সেই অভিযানের কারণে মাদক কারবারিরা বিভিন্ন পকেট এরিয়ায় ছড়িয়ে গিয়ে মাদকের বেআইনি কারবার চালানোর চেষ্টা করছে। সেই খবরও মিলছে বিভিন্ন সূত্র মারফত। এমনই এক বিশ্বস্ত সূত্রের পাওয়া খবরের ভিত্তিতেই শুক্রবার রাতে জেলা পুলিশ এই সাফল্য পেয়েছে। আগামী দিনেও পুলিশি এই অভিযান জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *