প্রস্তুতি সভায় লটারিতে নির্ধারিত হল পরিবেশনার ক্রম, উদ্যোগে ফালাকাটা টাউন ক্লাব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে প্রতিবারের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে ১২ তম বর্ষ বসন্ত উৎসব। ওই উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার লক্ষ্যে বুধবার ফালাকাটার বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মঞ্চে নৃত্য ও সঙ্গীত পরিবেশনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেক দল যেন নির্দিষ্ট সময়ে এবং ক্রমানুসারে নিজেদের পরিবেশনা তুলে ধরতে পারে, তার জন্য লটারির মাধ্যমে পরিবেশনার ক্রম নির্ধারণ করা হয়েছে। ফলে প্রত্যেক অংশগ্রহণকারী দল নির্দিষ্ট সময় ও ধারাবাহিকতা অনুযায়ী নিজেদের পরিবেশনা উপস্থাপন করতে পারবে। এবারের বসন্ত উৎসবে ফালাকাটা শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে একাধিক সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করবে। রঙ, সুর ও নৃত্যের মেলবন্ধনে বসন্তকে বরণ করে নিতে ইতিমধ্যেই উৎসাহের পারদ চড়তে শুরু করেছে। জানা গিয়েছে, আগামী ৩রা মার্চ, মঙ্গলবার বিকেল ৩টায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমী মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১২তম বর্ষ বসন্ত উৎসবের শুভ সূচনা হবে। শোভাযাত্রা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের মঞ্চে শুরু হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *