বেলডাঙ্গায় মসজিদ নামকরণ ঘিরে বিতর্ক, পদযাত্রার প্রস্তুতি হিন্দু সুরক্ষা সমিতি-র।
হিলি, নিজস্ব সংবাদদাতা, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬:
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কের আবহে, বাবরি মসজিদের নামে মসজিদ না করার দাবিতে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী থেকে বেলডাঙ্গা পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই পদযাত্রার মূল দাবি হলো, বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ হলেও তা যেন অত্যাচারী সম্রাট বাবরের নামে না হয়। হিন্দু সুরক্ষা সমিতির মতে, বাবরের নামের সঙ্গে অত্যাচার ও হিন্দু সংস্কৃতির ওপর আঘাতের ইতিহাস জড়িত। তাই ঐতিহাসিক ও ধর্মীয় ভাবাবেগ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ত্রিমোহিনীর শ্রী শ্রী বিকট কালীমাতা মন্দিরে এই পদযাত্রার প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সনাতনী নেতারা এবং হিন্দু সুরক্ষা সমিতির প্রতিনিধিরা পদযাত্রার দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। এই কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন নবদ্বীপের শ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ।
কমিটির সদস্যরা জানান, এই পদযাত্রার মাধ্যমে সনাতনী ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি তাদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হবে।
পদযাত্রাটি হিলি ব্লকের ত্রিমোহিনী থেকে শুরু হয়ে বেলডাঙ্গায় গিয়ে শেষ হবে। এতে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের অনুমতি নেওয়া হবে।
হিন্দু সুরক্ষা সমিতির এক নেতা বলেন, “আমরা মসজিদের বিরুদ্ধে নই। কিন্তু অত্যাচারী বাবরের নামে মসজিদ হবে না। এটি আমাদের ঐতিহ্যের প্রতি অসম্মান। তাই আমরা সনাতনীদের ঐক্যবদ্ধ করে এই পদযাত্রার আয়োজন করছি।”
এই পদযাত্রার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনার ঝড় উঠেছে। সনাতনী সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণের বিরোধিতা করে হিন্দু সুরক্ষা সমিতির এই পদযাত্রা ধর্মীয় ও ঐতিহাসিক ভাবাবেগের প্রতিফলন। পদযাত্রার মাধ্যমে সনাতনী সম্প্রদায় তাদের দাবিকে কতটা জোরালোভাবে তুলে ধরতে পারে, তা ভবিষ্যৎই বলবে।

