রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সাদা তুলির টানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গ্রামবাংলার চিরাচরিত মঙ্গল রীতি আলপনাকে ঘিরে শনিবার যেন ফিরে এল হারানো দিনের আবহ। বালুরঘাট-এর রবীন্দ্র ভবন সংলগ্ন খোলা প্রাঙ্গণে আলপনা ও সরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল ‘আতস ও স্ব শিল্পী সংস্থা’। সকাল দশটা থেকে বিকেল চারটে— দিনভর সাদা রঙের তুলির টানে মাটির বুকে ফুটে উঠল শঙ্খ, পদ্ম, লক্ষ্মীপায়ের ছাপ, পাশাপাশি আধুনিক নকশার ছোঁয়াও।
উদ্যোক্তাদের দাবি, বিগত নয় বছর ধরে তাঁরা এই উদ্যোগ নিয়ে এগোচ্ছেন। উদ্দেশ্য একটাই— হারিয়ে যেতে বসা আলপনা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এ দিনের প্রতিযোগিতায় তিনটি বিভাগ— ১০ থেকে ২০, ২১ থেকে ৪০ এবং ৪০ ঊর্ধ্ব— মিলিয়ে প্রায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছিলেন। কেউ কেউ আবার শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে সরাসরি উপস্থিত থাকতে না পেরে বাড়ি থেকেই ভিডিওর মাধ্যমে যুক্ত হন।
কুমারগঞ্জের মোহনা থেকে আসা শিল্পী বিক্রম দাশ বলেন, “কয়েক বছর ধরে আলপনা আঁকছি। এই শিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যকে সামনে আনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তাঁর কথায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের অনেকের কাজই ছিল নজরকাড়া।
সংস্থার তরফে ক্ষুদ্র শিল্পী রনি বর্মনের কথায়, “শিকড়কে আঁকড়ে রাখতেই এই আয়োজন। আগে মা-ঠাকুমারা পুজো-পার্বণে আলপনা দিতেন। এখন তা কমে গেছে। পুরোনো ও নতুন ধারার মেলবন্ধন ঘটাতে চাই।” তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংস্থার ‘আর্ট ফেস্ট ফ্লো২৬’-এর মূল অনুষ্ঠানে প্রতিযোগীদের সমস্ত শিল্পকর্ম প্রদর্শিত হবে। সেখানেই বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
এ দিনের প্রাঙ্গণে চোখে পড়েছে এক অন্য ছবি— মাটির ক্যানভাসে কিশোরীর প্রথম তুলির টান থেকে অভিজ্ঞ শিল্পীর নিখুঁত নকশা। ঐতিহ্য আর আধুনিকতার সংলাপে যেন নতুন করে প্রাণ পেল বাংলার আলপনা। উদ্যোক্তাদের আশা, এমন উদ্যোগেই আবার ঘরের উঠোনে ফিরবে সাদা রঙের সেই মঙ্গলচিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *