মানিকচক-এর বাঁকিপুরে বাড়ির বারান্দায় মিলল রিয়া মণ্ডলের দেহ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বাড়ির বারান্দায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নি/থ/র দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হল ধোঁয়াশা। রহস্যজনক মৃত্যুর ঘটনায় খু/নে/র অভিযোগ তুললেন পরিবারবর্গ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। জানা গেছে, মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রিয়া মন্ডল। সে মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের পরীক্ষার্থী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাইস্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা। পরিবার সূত্রে খবর, সোমবার অনেক রাত পর্যন্ত, রিয়া বাড়িতে পড়াশোনা করে। এরপর মঙ্গলবার ভোরের দিকে বাড়ির বারান্দায় তার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবত আত্মহত্যা নাকি অন্যকিছু তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। যদিও মৃত ছাত্রীর বাবা তথা মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য শংকর মন্ডলের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি। এলাকারই এক যুবক তাকে খুন করেছে। যদিও এই বিষয়ে খবর লেখা পর্যন্ত মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

