জটেশ্বর শিব মন্দির-এ সকাল থেকেই উপচে পড়া ভিড়।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মহা শিবরাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির-এ নামল ভক্তদের ঢল। সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জটেশ্বর সহ দূর-দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা হাজির হন এই প্রাচীন তীর্থক্ষেত্রে।এদিন মন্দিরের সামনে হাতে পূজার সামগ্রী, ঘট ভরা জল ও বেলপাতা নিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাবার মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন ভক্তরা। অনেকেই উপবাস থেকে বিশেষ প্রার্থনায় অংশ নেন। জটেশ্বর শিব মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এদিন সকাল থেকেই মন্দিরে উপচে পরে ভিড়। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফেও নিরাপত্তা ব্যবস্থায় নজর রাখা হয়। এদিন জটেশ্বর শিব মন্দির চত্বর পরিণত হয় এক মহামিলনক্ষেত্রে।

