ভাতার টাকায় ‘গুটখা’ মন্তব্যে বিতর্কে ময়নাগুড়ির তৃণমূল নেতা।
ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের সদ্য ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন ময়নাগুড়ির এক তৃণমূল নেতা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেনের একটি ভিডিও ভাইরাল হতেই জেলাজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে একটি সভা চলাকালীন যুব সমাজকে বার্তা দিতে গিয়ে বিশ্বজিৎ সেন বলেন, সরকার যে ভাতার টাকা দিচ্ছে, তা দিয়ে যুবকরা যেন গুটখা বা পান কিনে খায়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় পালটা বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন।

