বাংলাদেশে নির্বাচন আজ, রপ্তানির আশায় দিন গুনছেন হিলির ব্যবসায়ীরা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আজ বাংলাদেশের নির্বাচন। আর সেই ভোটের দিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারতীয় রপ্তানিকারকরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আবার কি স্বাভাবিক হবে সীমান্তের বাণিজ্য? সেই আশাতেই দিন গুনছেন তাঁরা।বাংলাদেশে পরিস্থিতি অশান্ত হওয়ার আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুশোরও বেশি পণ্য রপ্তানি হত। চাল, পেঁয়াজ থেকে শুরু করে নানা ভোগ্যপণ্য যেত নিয়মিত। কিন্তু গত প্রায় দু’বছর ধরে পরিস্থিতি বদলেছে। এখন আট-দশটি পণ্যের মধ্যেই রপ্তানি কার্যত সীমাবদ্ধ। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বহু মানুষ কাজ হারিয়েছেন, থমকে গিয়েছে স্থানীয় অর্থনীতি।এই অবস্থায় আজকের নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রপ্তানি ব্যবসায়ীরা। তাঁদের আশা, ভোট-পরবর্তী সময়ে বাংলাদেশে স্থিতিশীল সরকার গঠিত হলে ধীরে ধীরে স্বাভাবিক হবে সীমান্ত বাণিজ্য।
হিলির রপ্তানি ব্যবসায়ী অমিত আগরওয়াল বলেন, “আজ বাংলাদেশের ভোটের কারণে রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। দীর্ঘদিন ধরে ও-পারের অশান্তির প্রভাব আমাদের ব্যবসায় সরাসরি পড়েছে। এর জেরে আমাদের জেলার বহু মানুষ কর্মহীন হয়েছেন।” তাঁর আশা, নতুন সরকার দায়িত্ব নিলে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরবে, খুলবে বাণিজ্যের পথ।ব্যবসায়ীদের বক্তব্য, আগে যেখানে দুশোর বেশি পণ্য নিয়মিত যেত, এখন তার বেশিরভাগই বন্ধ।নির্বাচন-পরবর্তী পরিস্থিতির দিকেই তাকিয়ে হিলি। সীমান্তের ওপারে স্থিরতা ফিরলেই, আবার চাকা ঘুরবে বলে আশায় বুক বাঁধছেন দক্ষিণ দিনাজপুরের রপ্তানিকারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *