মায়ের ছায়াহীন শিশুকন্যার পাশে মানবিকতার হাত—বর্ষাপাড়ায় এগিয়ে এল পতিরাম নাগরিক ও যুব সমাজ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পতিরাম বর্ষাপাড়া এলাকার এক অসহায় শিশুকন্যার জীবনে শুরু থেকেই নেমে এসেছে কঠিন বাস্তবতা। জন্মের দিনেই মাকে হারানো এই শিশুর বাবা সেভাবে দেখভাল করেন না। ফলে জন্মের পর থেকেই সে থাকে পিসির কাছে। আর্থিক অনটনের মাঝেই পিসিই শিশুটির লালন-পালনের দায়িত্ব নিয়েছেন।

করোনাকালীন সময়ে শিশুটির জন্মের পর থেকে টানা ছয় মাস পতিরাম নাগরিক ও যুব সমাজের উদ্যোগে তার খাবার পৌঁছে দেওয়া হয়। সেই সময় বাজারজাত প্যাকেটিং দুধসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়মিত সরবরাহ করা হয়। ছয় মাস পূর্ণ হলে এই সংগঠনের উদ্যোগে ধুমধাম করে শিশুটির অন্নপ্রাশনও সম্পন্ন হয়—যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাও বেড়েছে। শিশুটির পিসির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার ওপর শিশুটির বাবা মাঝেমধ্যেই পিসির ওপর অত্যাচার চালান বলে অভিযোগ। এই চাপের মধ্যে কিছুদিন আগে পিসি গুরুতর মানসিক সংকটে পড়েছিলেন। খবর পেয়েই গত ডিসেম্বর মাসে পতিরাম নাগরিক ও যুব সমাজ এগিয়ে এসে চালসহ কিছু রেশন সামগ্রী দিয়ে পরিবারটির পাশে দাঁড়ায়।

সেই ধারাবাহিকতায় সংগঠনটি সারা বছরের জন্য চাল, ডাল, ডিম, তেল, সয়াবিনসহ বিভিন্ন রেশন সামগ্রী দেওয়ার দায়িত্ব নেয়। আজ ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত সামগ্রী শিশুটির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের সবচেয়ে দুর্বলদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। এই শিশুকন্যা ও তার পিসির ভবিষ্যৎ নিরাপদ করতে তারা আগামীতেও সহযোগিতা চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *