পেভার ব্লকের রাস্তার কাজ বন্ধ! জটেশ্বরে ক্ষুব্ধ স্থানীয়দের অবরোধ-বিক্ষোভ।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগে রবিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিকাশ সরকার দোকান থেকে সন্যাসীতলা কালি মন্দির হয়ে জটেশ্বর কিশোর তীর্থ ক্লাব হয়ে জটেশ্বর ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়। তবে ওই রাস্তার কাজে এলাকার তিনজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিন রাস্তার কাজ অবিলম্বে চালু করার দাবিতে সরব হন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ি পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

