সংগঠন মজবুত করতে পতিরামে তৃণমূল সংখ্যালঘু সেলের বৈঠক, সভাপতি মোতালেব সর্দার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শুক্রবার বিকেলে পতিরাম পথসাথীতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারসহ তৃণমূল কংগ্রেস ও সংখ্যালঘু সেলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা।

সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সংগঠনের প্রতিটি স্তরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তৃণমূল নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন এবং কর্মীদের মাঠে থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

সাংগঠনিক সভা শেষে সর্বসম্মতিক্রমে মোট ৩১ জন সদস্য নিয়ে বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ব্লক সভাপতি হিসেবে মোতালেব সর্দারের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের সভাপতিদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বালুরঘাট ব্লকে সংখ্যালঘু সেলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হলো বলে নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *