দুর্গন্ধে রহস্য ফাঁস, পরিত্যক্ত পুকুরে মিলল পচাগলা দেহ।
কুমারগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- কুমারগঞ্জ থানার অন্তর্গত মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় ডালু হাঁসদার বাড়ির পাশের একটি দীর্ঘদিন পরিত্যক্ত, কচুরি পানা ভর্তি পুকুরে পচাগলা ও প্রায় কঙ্কালসদৃশ একটি অজ্ঞাতপরিচয় দেহ দেখতে পান গ্রামবাসীরা। দুর্গন্ধ পেয়ে প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের, পরে কচুরি পানা সরাতেই দেহটি নজরে আসে।
খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি অনেকদিন আগের হওয়ায় এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি কোনও অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের অভিযোগের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

