SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ, পথে নামলেন হাজার হাজার কর্মী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় ভোটার দিবসের দিনেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হল তৃণমূল কংগ্রেস। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেশপুর বাজার এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের অভিযোগ, SIR-এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই ভোটার বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধেও এদিন স্লোগানে মুখরিত হয় কেশপুর।
প্রতিবাদ মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি, ব্লক নেতৃত্ব বিশ্বজিৎ বড়দোলই, শেখ শাহাজান আলী, বিভিন্ন অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
নেতৃত্বের বক্তব্য, জাতীয় ভোটার দিবসের দিনেই এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার রক্ষার বার্তা দেওয়া হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে বলে জানান দলের নেতারা।

