প্রার্থনা সংগীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রসাদ বিতরণে ভক্তিময় পরিবেশ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উপলক্ষে ভক্তিময় আবহে উৎসব উদযাপিত হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে। ভক্তদের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকাজুড়ে তৈরি হয় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ।
মহোৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত, হাতে ধর্মীয় পতাকা ও মুখে প্রার্থনাসঙ্গীত—যা গোটা এলাকাকে ভক্তির রসে আপ্লুত করে তোলে।
দিনভর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রার্থনা সংগীত পরিবেশন ও প্রসাদ বিতরণ। ভক্তদের পক্ষ থেকে আগত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এই মহোৎসবে রাজ্যের একাধিক জেলা থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে বলে জানা গেছে।
ভক্তদের মতে, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আদর্শ—প্রেম, শৃঙ্খলা ও মানবকল্যাণ—আজও সমাজকে পথ দেখায়। সেই আদর্শকে স্মরণ করেই প্রতিবছরের মতো এ বছরও গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জন্ম মহোৎসব পালন করা হল চন্দ্রকোনারোডে।

