গভীর রাতে গোপন অভিযান কালিয়াচকে, উদ্ধার ২.৪ কেজি ব্রাউন সুগার, বাজার মূল্য ২ কোটি।

দেবাশীষ পাল, মালদা — মারাতের অন্ধকারে আম ও লিচু বাগানে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান মালদহের কালিয়াচকে। হাতেনাতে গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি। উদ্ধার দুই কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য দুই কোটি টাকারও বেশি। তবে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশি অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ মালদা আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, কালিয়াচকের শেরশাহী এলাকার মহেশপুর নয়াগ্রামে একটি বাগানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির কাজ করছিল। সেই খবর পেয়ে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের হানায় ধরা পড়ে যায় শেরশাহীর বাসিন্দা মোঃ তসলিম শেখ, আব্দুল্লাহ শেখ, রাজীব শেখ এবং মহম্মদ তাজেল শেখ। এছাড়াও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ইমামজায়গীর এলাকার বাসিন্দা মুরসেলিম শেখকে। ঘটনাস্থাল থেকে একটি কন্টেনার সহ দুই কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ।

মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মনিপুর, ঝাড়খন্ড, বিহার প্রভৃতি প্রতিবেশী রাজ্য থেকে মাদকের কাঁচামাল আনিয়ে কালিয়াচকের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার তৈরির চক্র সক্রিয় রয়েছে। গত দুই মাসে অন্তত ৯০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ৪০ কেজিরও বেশি ব্রাউন সুগার। গতকাল রাতে মাদক তৈরি কাজ চলছে জেনে পুলিশ অভিযান চালায়।। এই মাদক তৈরির আড়ালে কে বা কারা রয়েছে, এই মাদক কোথায় সরবরাহ করা হত?- তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও এদিন জানিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *