দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের দুই শাখা সংগঠনের কমিটি ঘোষণা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নিউ মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ও এসসি–এসটি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই দুই শাখা সংগঠনের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
একই দিনে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা এসসি–এসটি সেলেরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসটি সেলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পান বালুরঘাটের বাসিন্দা বৈদ্যনাথ মাড্ডি। অন্যদিকে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হিসেবে রয়েছেন মাহবুব রহমান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, তৃণমূল নেতা শঙ্কর সরকার, উজ্জ্বল বসাক, তপনের তৃণমূল নেতা সুব্রত ধর, মোজাম্মেল হক সহ আরও অনেক নেতা-কর্মী।
কমিটি ঘোষণার পর মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,
“কমিটিতে মহিলাদের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে। বিষয়টি দুই জেলার সভাপতিকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশেই সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মাহবুব রহমান সরকার বলেন,
“আগামী দিনে কমিটিতে আরও বেশি সংখ্যায় মহিলা সদস্যদের যুক্ত করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।”
শাসক দলের নেতৃত্বের দাবি, রাজ্য নেতৃত্বের এই উদ্যোগে শাখা সংগঠনগুলি আরও মজবুত হবে এবং তার ইতিবাচক প্রভাব পড়বে আগামী দিনের জেলা স্তরের নির্বাচনী ফলাফলে।

